রুয়েট উপাচার্যের পদত্যাগ গ্রহণ

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১১  

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৩১ আগস্ট পদত্যাগ করেছেন রুয়েটের উপাচার্য। 

এর আগে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী জানিয়েছিলেন,  ‘উপাচার্য পারিবারিক কারণ দেখিয়ে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর জমা দিয়েছেন। রুয়েট এখন উপাচার্যশূন্য। ডিনদের মধ্যে সিনিয়র কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন। তবে কে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাড়াতাড়ি এ সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে গত ১০ আগস্ট রুয়েটের ১০৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে রুয়েটের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। এছাড়া ২৪ আগস্ট থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হয়। তবে রুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

প্রসঙ্গত, এক বছরের বেশি সময় খালি থাকার পর ২০২৩ সালের ১৩ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগম প্রজ্ঞাপন জারি করেন।  

ওই বছরের ৩০ জুলাই রুয়েটের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই অভিভাবক শূন্য হয়ে পড়েছিল প্রতিষ্ঠানটি। স্থবির হয়ে পড়েছিল প্রতিষ্ঠানটির সব কার্যক্রম। ঠিক এক বছরের মাথায় উপাচার্য পদত্যাগ করায় ফের একই অবস্থার সৃষ্টি হলো।